গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সড়কে শিশুটিকে একা পেয়ে শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন লিটন।
শিশুটির বড় ভাই জাকির হোসেনের দাবি, বাড়ি থেকে বের হয়ে তিনি ঘটনাটি দেখতে পান। তাঁর অভিযোগ, লিটন তখন শিশুটিকে সড়কের পাশের একটি ঘরের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পুলিশকে খবর দেন জাকির হোসেন। খবর পেয়ে গোপালপুর থানার উপপরিদর্শক নাসির আহমেদ ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর লিটনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযোগ অস্বীকার করে লিটন দাবি করেন, বাজারে পান আনতে যাওয়ার সময় মজার ছলে তিনি শুধু শিশুটির হাত ধরেছিলেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









