টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধা মা ফুলমালা বেগমকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি মো. শফিকুল ইসলাম রিপন জানান, ফুলমালা বেগম তাঁর ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে থাকতেন। তিনি কৃষিকাজ করতেন। ইউনুস মণ্ডল প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সামান্য বিষয় নিয়ে তিনি আবারও মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ইউনুস মণ্ডল ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুস মণ্ডলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে। বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও ইউনুস মণ্ডল আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
মো. শফিকুল ইসলাম রিপন আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।









