
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলের ক্যানটিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় খাইরুল খন্দকার নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সহদপ্তর সম্পাদক তারেক রহমান। হাসিবুর রহমান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আর তারেক রহমান পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহদপ্তর সম্পাদক তারেক রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে গতকাল শনিবার রাতে আবাসিক হলের ক্যানটিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় খাইরুল খন্দকারকে মারধর করেন ওই দুই নেতা। খাইরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৩টার দিকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে ন্যায্য বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।
খাইরুল সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে