‘বিয়ানে খইছে, মাই জুম্মাত জাইমু। জুম্মা থাকি আইয়া মাতমুনে (কথা বলব) তুমার লগে। আইচ্ছা। আছরের বাদে শুনি আমার বাইচ্ছা শেষ। ও আল্লাহরেবা, ও বন্দুক দি মারছে রেবা। আমার সব ছোট ছেলে রেবা। ও আল্লাহ।’ বিলাপ করতে করতে এভাবেই বলছিলেন নিহত মোস্তাক আহমদের মা ষাটোর্ধ্ব মায়া বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন। কোনোভাবে তাঁকে শান্ত করতে পারছেন না স্বজনেরা।
গত শুক্রবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জের তিনকোনা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পথচারী মোস্তাক আহমদ। তিনি হবিগঞ্জে বিদ্যুৎশ্রমিকের কাজ করতেন। তাঁদের বাড়ি সিলেট সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরে।
গত শনিবার বেলা ২টার দিকে গৌরীপুরে মোস্তাকদের বাড়িতে গেলে দেখা যায়, মায়ের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন বড় বোন শাহানা বেগম। আর বলছিলেন, ‘আমার ভাইরে পুলিশে গুল্লি করি মারছে। আমরার বুক খালি করিলিছে। আল্লাহ ও আল্লাহ’ বলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
স্বজনেরা জানান, প্রায় এক যুগ আগে মারা যান মোস্তাকের বাবা আব্দুল কাদির। চার ভাই, তিন বোনের মধ্যে মোস্তাক সবার ছোট ছিলেন। আদরের মোস্তাককে হারিয়ে হতদরিদ্র পরিবারের সবাই পাগলপ্রায়। মোস্তাকের পরিবার বর্তমানে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর গুচ্ছগ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছে।
চাচাতো ভাই রাজা বলেন, ‘মোস্তাকের বিয়ের জন্য আমরা মেয়ে দেখা শুরু করেছিলাম। এখন তো আমার ভাই-ই চলে গেল।’ তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, মোস্তাক মারা যাওয়ার আগে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, সেটা বলতে চেয়েছিল। শুধু বলেছে, ‘পুলিশের যে সাদা গাড়ি (এপিসি), ওউটা থেকে গুল্লি করছে।’
মোস্তাকের বড় ভাই ময়না মিয়া বলেন, ‘জুমার নামাজের পর দুপুরের খাওয়াদাওয়া শেষে জুতা লওয়াত গিয়েছিল। জুতা লওয়ার সময় দুইওবায় হাল্লা-গোল্লা লাকছে। বাদে গুল্লিবিদ্ধ ওইছে। ওতটুকু আমরা জানি।’
গৌরীপুরের বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘মোস্তাক অনেক কষ্ট করে বড় হয়েছে। সে একাধিক কাজও জানত।’
মোস্তাকের বন্ধু জমির উদ্দিন বলেন, ‘তারে আমি নিজে নিয়ে এই কাজ শিকাইছি। যেদিন যায়, আমি নিজে গাড়িতে তুলে দেই। যখন শুনলাম সে মারা গেছে। সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে আমরা সেখানে যাই। আমরা চেয়েছি লাশ যেভাবে আছে সেভাবে (ময়নাতদন্ত ছাড়া) নিয়ে আসতে। আমাদের অনেক দৌড়াদৌড়ি করাইছে। পরে বলছে সকাল ৭টায় নিয়ে যেতে। সকালে গিয়ে দেখি লাশ ময়নাতদন্ত করা হয়েছে।’
শনিবার বাদ জোহর গৌরীপুর মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মোস্তাকের মরদেহ দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে শনিবার সকালে হবিগঞ্জ জেলা হাসপাতালে মোস্তাকের ময়নাতদন্ত করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক মমিন উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর পেছন দিক থেকে ডান হাতের বাহুতে অর্থাৎ বগলের নিচে গুরুতর জখম ছিল। সেই জখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই মোস্তাক মারা যান। জখমটি গুলির মতোই বলা যায়।’

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে