রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন, বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দিনব্যাপী উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন এবং বাজারজাত করা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।









