Ajker Patrika

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২২: ৫৫
পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী
ঘটনাস্থলে উৎসুক জনতা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সদস্যদের ওপর এক যুবকের হামলা থামাতে গিয়ে সবুজ প্রামাণিক (২৬) নামের এক প্রতিবেশীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় হামলাকারী রাজু প্রামাণিকের (২৬) একটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ভদ্রঘাট গ্রামের বাজার এলাকায় বাড়ির পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাজু প্রামাণিক ওই গ্রামের শাহিন প্রামাণিকের ছেলে। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। আজ বিকেলেও তিনি পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাঁকে থামাতে এগিয়ে গেলে প্রতিবেশী সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রাজু। এতে সবুজের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর কপালের এক পাশেও গুরুতর জখম হয়।

এরপর প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের ওপরও ছুরি নিয়ে হামলা চালান রাজু। এতে আরও দুজন আহত হন। একপর্যায়ে রাজু নিজের গলায়ও ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে গ্রামবাসী তাঁকে আটক করে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে ছুরির আঘাতে রাজুর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত