সাতক্ষীরায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নওয়াপাড়া ইউনিয়নের মৃত কালিপদ রায়ের ছেলে সমিত রায়(৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমিত রায় প্রতিদিনের মতো বাজার করার উদ্দেশে গাজীরহাট বাজারে আসেন। বাড়ি ফেরার পথে গাজীরহাট গরানবাড়িয়া মোড়ের কাছে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুইজন পথচারী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘাতক গাড়ি জব্দ করে থানায় আনা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









