Ajker Patrika

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। রাজশাহী নগরের বিমান চত্বর এলাকায় তোলা। ছবি: আজকের পত্রিকা

শহরের পথে পথে সড়ক বিভাজকগুলোতে লাগছে রঙের ছোঁয়া। কোথাও সড়ক সংস্কার, কোথাও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কর্মীরা। পুরোনো স্থাপনাগুলোও সাজছে নতুন রঙে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে এভাবেই নতুন সাজে সেজে উঠছে উত্তরের পদ্মাপারের এই শহর।

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী রাজশাহী সফরে আসছেন। এ উপলক্ষে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

নগরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

আজ শনিবার সকালে নগরের বিমান চত্বর এলাকায় বিভিন্ন স্থাপনায় রংমিস্ত্রিদের নতুন রং লাগাতে দেখা যায়। রংমিস্ত্রি আমিনুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তাঁকে স্বাগত জানানোর জন্য শহরের বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। আমরা চাই, প্রধানমন্ত্রী এসে আমাদের সুন্দর ও পরিচ্ছন্ন শহর দেখুক।’

নগরের বিমান চত্বর এলাকায় সড়ক বিভাজকে রং করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
নগরের বিমান চত্বর এলাকায় সড়ক বিভাজকে রং করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার, বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং পরিবেশ উন্নয়নের কাজ চলছে।

ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এটিই রাজশাহীতে প্রথম সফর। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, তাঁর এই সফর রাজশাহীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিপুল জনসমাগম ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে রাজশাহীবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।’

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁকে বরণ করে নিতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা চাই, পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন নগরীর মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং সফরটি স্মরণীয় করে রাখতে।’

শফিকুল হক বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদী। ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনায় সমৃদ্ধ রাজশাহীর মানুষের জীবনমান উন্নয়নে এই সফর নতুন আশার বার্তা নিয়ে আসবে বলে মনে করেন তিনি।

এক দিনে তিন বিভাগ সফর

২০ অক্টোবর সামরিক বাহিনীর একটি বিমানে রাজশাহী আসবেন প্রধানমন্ত্রী। সেই দিন বেলা দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বেলা ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী প্রথমে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যাবেন।

পরে রাজশাহী আসবেন। রাজশাহী থেকে বিকেলেই তিনি চট্টগ্রামে যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি ঢাকায় ফিরবেন। এক দিনে দেশের তিন বিভাগ সফর করে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত