ছাত্রীকে সহকারী শিক্ষক ও সহকর্মীকে প্রধান শিক্ষক যৌন হয়রানি করে বরখাস্ত

পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া দুই শিক্ষকের একজন সহকারী শিক্ষক এবং অন্যজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁরা উপজেলার পৃথক দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে বিরতির সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের পাঠাগারে ডেকে নেন এক সহকারী শিক্ষক। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং জড়িয়ে ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন জমা দেন। এতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে, উপজেলার আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। তদন্তে এ অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়। এর ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।









