Ajker Patrika

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০০: ০৫
নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় শিয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার পর থেকে রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মিঠু (৫০), আক্তার (৬২), স্বাধীন (২৭), পলি (১৮), আসলাম (৪৭), ইমরান (৪২), রিজিয়া (৫০), নাজনিন (৪২), মাইনুল (৫০), বাধন (১৮) ও আকরামুল (৫২)।

আহত ব্যক্তিরা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আহত পলি খাতুন জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় উপজেলা চত্বরের সামনে শিয়ালের কামড়ের শিকার হন।

অপর আহত আসলাম জানান, রাতে একাকী পথ চলার সময় একদল শিয়াল তাঁর সামনে আসে। দূর থেকে কুকুর মনে হলেও কাছে আসার পর শিয়াল দেখে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি। শিয়াল তাঁকে কামড়ে চলে যায়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শামুন আল হাসান সৌমিক জানান, আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শিয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর একে একে আরও রোগী চিকিৎসা নিতে আসেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

সৌমিক আরও বলেন, শিয়ালের কামড়ের শিকার ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত