নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপজেলার বুধপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের অফিস উদ্বোধন করেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে উৎসব উদ্যাপনের পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা যায়।
এ ছাড়া প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর, বাগাতিপাড়া পৌরসভা, গালিমপুর ও জামনগর এবং লালপুর উপজেলার ধুপইল, ওয়ালালিয়া, মধুবাড়ি, নর্থ বেঙ্গল সুগার মিলস, গোপালপুর, জোতদৈবকি, লালপুর ত্রিমোহিনী ও ভাটপাড়া মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








