Ajker Patrika

সোনারগাঁয়ে ৩ চুন কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিল তিতাস

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২২: ১৪
সোনারগাঁয়ে ৩ চুন কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিল তিতাস
সোনারগাঁয়ে তিনটি চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুন কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে গ্যাসের অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

তিতাস গ্যাসের সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কিছু অসাধু লোক সরকারি দলের নেতা-কর্মী হিসেবে প্রভাব খাটিয়ে গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে চুন কারখানা গড়ে তোলেন। কারখানাগুলো ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করে। এতে সরকার প্রতি মাসে বিপুল টাকার রাজস্ব হারাচ্ছে। আজ উপজেলার সোনাখালী, পিরোজপুর ও প্রতাবেরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্সকাভেটর দিয়ে চুন কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সুরজিত কুমার সাহা।

অভিযানের সময় তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত