Ajker Patrika

আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত
আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নওগাঁর বদলগাছী উপজেলার তিন নারী হ্যান্ডবল খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নওগাঁর বদলগাছী উপজেলার তিন নারী হ্যান্ডবল খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের রানার্সআপ হওয়ার সাফল্যে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত তিন খেলোয়াড় হলেন সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রানী। তাঁরা বদলগাছী উপজেলার বাসিন্দা।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথি বলেন, ‘এই তিন খেলোয়াড় বদলগাছী উপজেলা তথা পুরো দেশের গর্ব। মেয়েদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে হ্যান্ডবল খেলোয়াড়দের জুতা ও বাইসাইকেল বিতরণের পাশাপাশি স্থানীয় কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।’

ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, উপজেলা প্রশাসন সব সময় কৃতী খেলোয়াড়দের পাশে থাকবে এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবে।

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে তিন খেলোয়াড় বলেন, ‘মাঠে আমাদের একটাই লক্ষ্য থাকে—লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরা। নিজ উপজেলা থেকে আজকের এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী নারী হ্যান্ডবল দলের স্থানীয় কোচ সুলতান মাহবুব বিয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের নারী হ্যান্ডবল খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত