শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৩৫) এবং কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার ১৬ বছর বয়সী ছেলে। তবে প্রচারণায় ব্যবহৃত অটোরিকশার চালক কাবিল হোসেন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় মূল অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের পূর্ব পাশে ছোট মুল্লুক এলাকায় একটি অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালানো হয়। মাইকিংয়ে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরে তা জানিয়ে দেওয়া হবে। তত দিন দলীয় ঐক্য বজায় রেখে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
মাইকিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আসলাম টিপুর সমর্থক গোষ্ঠী’ নামে একটি পেজ থেকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে অভিযান চালানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে।









