ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট মো. সিরাজুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে।
আজ রোববার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম ধামদী এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ক্যাসিনো জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এলাকায় তিনি ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। তাঁর নামে-বেনামে অনেক সম্পদ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িয়ে অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, সিরাজুল ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি। তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।









