Ajker Patrika

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২১: ১৯
স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি
আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় আলোচিত শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকেও বদলির আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল শনিবার ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।

১৩ অক্টোবর সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে আফজাল হোসেন ও আছমা খাতুনের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফজাল হোসেন ও আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের এই বিরোধের জেরে বিদ্যালয়েও একাধিকবার তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত