Ajker Patrika

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২০: ৪৭
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চলের পূর্ব মাকহাটি গ্রামে জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৬৫), সাইফুল হাওলাদার (২১) ও মো. হৃদয় (২২)। তাঁদের মধ্যে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছেন এবং ককটেল বিস্ফোরণে সাইফুলের হাতের আঙুল উড়ে গেছে। অপর দিকে আটক ব্যক্তিরা হলেন মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মিল্টন মল্লিক (৪৫), মো. মুন্না (৪০) ও আল-আমিন (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিএনপির দুই পক্ষ মরিয়া হয়ে উঠেছে। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

আহত সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগম অভিযোগ করেন, ভোরে আতিক মল্লিকের সমর্থক মিল্টন মল্লিক তাঁর লোকজন নিয়ে সাইফুলের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান। ভয়ে সাইফুল পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে তাঁর ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপি নেতা আতিক মল্লিক ও আওলাদ হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত