মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এ অভিযানে জুয়া খেলার দুটি সরঞ্জাম, তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর কাউন্নারা এলাকার আনোয়ার হোসেন (৪৫), আব্দুল হালিম (৩৮), ইসমাইল হোসেন (৪০), বাচ্চু মিয়া (৪৯), জুয়েল হোসেন (৩৬), শাহীন মিয়া (৪২) ও পলাশ মিয়া (৪৯)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ হালিম চৌধুরীর ওই পরিত্যক্ত ভবনের ছাদে জুয়ার আসরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
সাটুরিয়া থানায় শুক্রবার (২৩ অক্টোবর) ১৯ নম্বর মামলা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।










