Ajker Patrika

মাদারীপুর হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
আটক ফারুক ফকির। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকির (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ২টার দিকে ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী একই উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শত্রুতার জেরে দুই মাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তাঁর লোকজন। এ ঘটনায় মামলা চলমান। আজ দুপুরে শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওয়ার্ডের থাই গ্লাস ভেঙে যায়। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করেন ফারুক। ভেঙে যাওয়া থাই গ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

পরে কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেন। গুরুতর অবস্থায় আহত কাওসারকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান চিকিৎসক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত