Ajker Patrika

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ
শহরের মিশন মোড়ের একটি হোটেলে নির্মাণশ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে পুলিশি বাধায় নির্মাণশ্রমিকদের নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়নি। আজ বৃহস্পতিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের এই সমাবেশ হওয়ার কথা ছিল।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নির্মাণশ্রমিক ফেডারেশনের সদর উপজেলার নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের মিশন মোড়ের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এতে লিখিত বক্তব্যে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি জহুরুল হক বলেন, মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্মাণশ্রমিক ফেডারেশন। সম্প্রতি নবগঠিত সদর উপজেলা কমিটির পরিচিতি সভা করতে গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তন ভাড়া নেওয়া হয়।

সভায় উপস্থিত থাকতে জেলা পুলিশ সুপারকে দাওয়াতপত্রও প্রদান করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বিকেলে পরিচিতি সভার প্রস্তুতি সম্পন্ন করেন নেতাকর্মীরা। কিন্তু অজ্ঞাত কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকালে ওই মিলনায়তনে কোনো ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করে পুলিশ। যৌক্তিক কোনো কারণ জানাতে না পারলেও পুলিশ কাউকে সভাস্থলে ভিড়তে দেয়নি। পরে সমাবেশটি পণ্ড হয়ে যায় বলে দাবি করেন জহুরুল হক।

অভিযোগের বিষয়ে জেলা পরিষদ মিলনায়তন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ময়নুল ইসলাম বলেন, নির্মাণশ্রমিক ফেডারেশনকে মিলনায়তন ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণশ্রমিক দলের লোকজন এসে বলেছে, তারা এ সংগঠনে নেই এবং সভা হলে ঝামেলা হতে পারে। তাই আমি তাদের বলেছি, পুলিশের অনুমতি নিতে। তারা অনুমতি না পেয়ে সভা করেনি।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, সমাবেশ করতে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন হলেও তারা তা করেনি। এ ছাড়া তাদের সঙ্গে সাংঘর্ষিক অপর একটি সংগঠন একই স্থানে জমায়েত হওয়ার একটি গোপন খবর ছিল। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত