Ajker Patrika

ইবিতে উত্তরপত্র হারানোর অভিযোগ, আটকে আছে ফলাফল

ইবি প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২১: ৪৬
ইবিতে উত্তরপত্র হারানোর অভিযোগ, আটকে আছে ফলাফল
ছবি: ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্র হারানোর অভিযোগ উঠেছে। এ কারণে প্রায় পাঁচ মাস ধরে ওই শিক্ষাবর্ষের ফল প্রকাশ আটকে আছে। এদিকে ফল না হওয়ায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষার সময়সূচিও স্থগিত করেছে বিভাগ। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামানকে। কমিটির অন্য সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ বলেন, চিঠি হাতে পেয়েছি। আশা করি, দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গত ২ মে শুরু হয়ে ২০ মে শেষ হয়। ছয়টি কোর্সের মধ্যে পাঁচটির মূল্যায়ন নম্বর পরীক্ষা কমিটির সভাপতির কাছে জমা পড়লেও ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্র না পাওয়ায় ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগ।

বিভাগ সূত্রের ভাষ্য, গত ১১ মে কোর্সটির উত্তরপত্র পান অভ্যন্তরীণ পরীক্ষক ড. শাহাবুল আলম। ২০ মে মূল্যায়ন শেষে তিনি উত্তরপত্রগুলো বিভাগে জমা দেন। বিভাগের কর্মচারী জাবেদ আলী ৬০টির বেশি উত্তরপত্রের বান্ডিল বহিরাগত পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছে পৌঁছে দেন। পরে উত্তরপত্রগুলোর আর হদিস পাওয়া যায়নি বলে দাবি বিভাগীয় শিক্ষকদের।

প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না হলেও বিভাগ ১৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছিল। পরে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত