Ajker Patrika

ভূরুঙ্গামারীর সার-কাণ্ডে থানায় অভিযোগ, তদন্তে কমিটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
ভূরুঙ্গামারীর সার-কাণ্ডে থানায় অভিযোগ, তদন্তে কমিটি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত করছে কমিটি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিসিআইসির সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, আজ দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ কৃষকদের নিয়ে যাওয়া সারের মধ্য থেকে ১১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। আশা করছি, আরও ২০ থেকে ২৫ বস্তা সার উদ্ধার করা যাবে। সার ডিলারকে কৃষি অফিস থেকে শোকজ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তদন্ত কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ‘প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলে সার নিয়ে যাওয়ার ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত