Ajker Patrika

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ
অভিযোগপত্রের কপি। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ‘রহস্যজনক’ মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনদের দাবি, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুসনদ দেয়নি, এমনকি রোগীর ভর্তি ও চিকিৎসা নেওয়ার সমস্ত তথ্য গায়েব করে ফেলা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মৃতের ছোট ভাই মো. আব্দুল খালেক নিদান।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার চিকনীর চর গ্রামের মো. কাঞ্চন মিয়া (৬২) গত ২৭ আগস্ট সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫১২৩ নম্বর কেবিনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালে গত ৩০ আগস্ট তাঁর মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, কাঞ্চনের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসংক্রান্ত কোনো কাগজপত্র বা মৃত্যুসনদ দিতে অস্বীকৃতি জানায়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগ ও প্রশাসনিক শাখায় যোগাযোগ করলে জানানো হয়, কাঞ্চন নামে কোনো রোগী সেখানে ভর্তি ছিলেন না এবং মৃত্যুরও কোনো রেকর্ড নেই।

কাঞ্চনের ভাই আব্দুল খালেক নিদান বলেন, ‘তিন দিন কেবিনে রোগী ভর্তি থাকার পরও রেকর্ড না থাকা ও মৃত্যুর তথ্য গোপন করা বেআইনি এবং পরিকল্পিত অপরাধ। আমাদের কাছে হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত প্রমাণ রয়েছে।’

বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে তদন্ত কমিটি গঠন করে জালিয়াতি ও গাফিলতির বিচারের দাবি জানিয়েছেন আব্দুল খালেক নিদান। তাঁর দেওয়া অভিযোগপত্রের অনুলিপি জেলা সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের (মহাখালী, ঢাকা) পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার অফিসে অভিযোগ দিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত