
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার রমজান আলীর আওয়ালির গলিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আল আমিন সৈকতকে প্রথমে শহরের আল-শেফা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আল আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী তানিয়া খানম বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে তাঁর চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা কয়েকবার হুমকিও দিয়েছিল। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।’
নিহতের মা মিনারা বেগম বলেন, ‘আগেও আল আমিনকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। তাঁর চাচা মোমেন মিয়ার তিন ছেলের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল হুদা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং তথ্য-উপাত্ত যাচাইয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ বা সার ডিলারশিপ-সংক্রান্ত কোনো বিরোধের বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
৯ মিনিট আগে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানজট কমানো ও সরকারি জায়গা দখলমুক্ত করতে তিন দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার প্রথম দিনে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
২৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। ২০২৪ ও ২০২৫ সালের বন্যার পর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নেওয়া এ পদক্ষেপে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষের উপকার হবে বলে জানিয়েছে প্রশাসন।
৪০ মিনিট আগে