
কিশোরগঞ্জে এক প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে দখলের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খাইরুল মোল্লা ও তাঁর বাবা করিম মোল্লার বিরুদ্ধে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ওমানপ্রবাসী রিমা আক্তার।
ভুক্তভোগী রিমা আক্তার জেলা শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার ওমানপ্রবাসী মো. শফিকের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত খাইরুল মোল্লা ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের করিম মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে রিমা আক্তার বলেন, ‘আমার স্বামী মো. শফিক ২২ বছর ধরে ওমানপ্রবাসী। আর আমি ৯ বছর হলো ওমানপ্রবাসী। গত ১৪ জানুয়ারি আমাদের প্রবাসজীবনের সঞ্চয় করা ৩ কোটি ৪১ লাখ টাকা দিয়ে শেলোরা মোল্লার কাছ থেকে উকিলপাড়া নীলগঞ্জ রোডে বাড়িসহ ৮ শতাংশ জায়গা ক্রয় করি। পরে বিভিন্ন লোকের কাছে বাসা ভাড়া দেই। এ বাসার নিচতলায় আগে থেকেই থাকতেন খাইরুল মোল্লার পরিবার।’
রিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমরা ওই বাড়ি কেনার পর থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা ভাড়া দিয়ে তিনতলা বাসার নিচতলায় থাকতেন খাইরুল মোল্লার পরিবার। তবে এপ্রিল মাসের পর থেকে তারা আর ভাড়া দিচ্ছে না। ভাড়া চাইতে গেলে উল্টো হুমকি দেয় এবং প্রতি মাসে তাদের ৫০ হাজার টাকা দিতে বলে। কারণ জানতে চাইলে তারা এই বাসাসহ জায়গা তাদের বলে দাবি করে। তাদের দাবি করা টাকা না দিলে আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমি তাদের ভয়ে আমার নিজ বাসাতেও এখন বসবাস করতে পারছি না। পরিবারপরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
রিমা আক্তার বলেন, ‘গত দেড় মাস আগে এসব সমস্যার প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ মডেল থানায় আমার স্বামী একটি লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।’
এদিকে খাইরুল মোল্লার পরিবার এই জমি ও বাড়ি নিয়ে আদালতে মামলা করলে ২১ জুলাই কিশোরগঞ্জ জজ আদালত মামলাটি খারিজ করে দেন এবং আমার পক্ষে রায় দেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত খাইরুল মোল্লাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তিনি বলেন, ‘আমি কখনোই জেলা ছাত্রলীগ ও যুবলীগের কোনো পদে ছিলাম না। আমি ঠিকাদারি করি। আমার নামে কোনো মামলাও নেই। আমি ওই বাসাতে দেড় বছর ধরে থাকি না। পরিবার নিয়ে অন্য বাসায় থাকি। বাবা-চাচার মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে। সম্পত্তি বাবা-চাচার মধ্যে বণ্টন হয়নি। সব এজমালি সম্পদ। তাঁরা এই জায়গা কিনেছেন, আমার চাচির কাছ থেকে। এই জায়গা নিয়ে আদালতে মামলাও রয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
তবে খাইরুল মোল্লা যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সে বিষয়টি মেসেঞ্জারে নিশ্চিত করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত আহমেদ বচন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধে আদালতে মামলা ছিল। মামলা চলাকালে আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সেটা আমরা দেখেছি। আদালত সিদ্ধান্ত দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে