যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদ্যাপন

যশোর বিমানবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে দিবসটি উদ্যাপন করা হয়।
আজ মঙ্গলবার বিমানবন্দর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে স্বাগত বক্তব্য দেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আয়ুব আলী। তিনি নিরাপদ ও সুশৃঙ্খল আকাশপথ নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে এসএটিও শফিকুল ইসলাম ও অ্যারোড্রোম সহকারী তারিকুল ইসলাম এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণের কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, পেশাগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবসের সেমিনার। এতে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দায়িত্ব, চ্যালেঞ্জ ও অবদান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ, দলগত সমন্বয় এবং সার্বক্ষণিক সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যশোর বিমানবন্দরের ২০২৬ সালের সেরা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে এস এম শাহাদত হোসাইনের স্বীকৃতি অর্জন। নিষ্ঠা, পেশাদারত্ব, সময়ানুবর্তিতা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্ধারিত বাক্যরীতি অনুসরণ এবং নিরাপদ ও দক্ষ উড়োজাহাজ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আয়ুব আলী তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেন।
সমাপনী বক্তব্যে আয়ুব আলী দিবসটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব, শৃঙ্খলা, দলগত সমন্বয় ও দায়িত্বের প্রতি অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে কেক কাটা ও বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।









