বিয়ে করতে এসে মোটরসাইকেল খোয়ালেন পুলিশ কর্মকর্তা

বিয়ের আনন্দ, বরযাত্রীর ধুমধাম, নতুন জীবনের হাতছানি—সবই ছিল। বাদ সাধল একটি মোটরসাইকেল! যশোরের মনিরামপুরে বিয়ে করতে এসে নিজের ব্যবহৃত পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে এ ঘটনা ঘটে।
বরের নাম সালাউদ্দিন সোহাগ। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় কর্মরত। বুধবার বেলা ১১টা পর্যন্ত তাঁর হারানো মোটরসাইকেলটির কোনো খোঁজ মেলেনি। ফলে বিয়ের আনন্দের মধ্যেই নতুন দুশ্চিন্তা তাঁর মাথায়।
বিষয়টি নিয়ে নিজের ব্যবহৃত ফেসবুকে পোস্ট দিয়েছেন বরের মামা জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর। মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর জানান, মঙ্গলবার ছিল হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সঙ্গে সোহাগের বিয়ের দিন। বরযাত্রীর বহরের সঙ্গে বরের ফুপাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে আসেন।
বিয়েবাড়িতে বরযাত্রীদের গাড়ির সঙ্গে পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল রাখা ছিল। বেলা সাড়ে ৩টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে দেখা যায়, সব আছে—শুধু বরের পালসারটি নেই!
এরপর শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু বিয়েবাড়ির কোথাও মিলল না শখের মোটরসাইকেলটি। বিয়ের আয়োজনের মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েন স্বজনেরা।
মোহাম্মদ সেলিম বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেনকে জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘যেহেতু পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল হারিয়েছে। এ বিষয়ে কীভাবে কী করতে হবে তিনি (সোহাগ) ভালো জানেন। তিনি কোন পথে আগাতে চান সেটা নির্ধারণ করে আমাদের জানালে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
মোহাম্মদ সেলিম আরও বলেন, ‘উপস্থিত বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আমরা ব্যস্ত। আজকে বুধবার বউভাতের আয়োজন সেরে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।’
তবে যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) এনামুল আজকের পত্রিকাকে বলেন, মশ্মিমনগরে বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি।









