Ajker Patrika

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ
আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা খাটের ওপর আছিয়া বেগমের গলাকাটা মরদেহ দেখতে পান। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল এবং জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর তাঁর মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে থাকতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন তাঁর মা।

পান্না বেগম বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা খোঁজ নিতে গিয়ে খাটের ওপর গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘সকালে এসে দেখি, খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।’

স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে কেউ ঘরে ঢুকে থাকতে পারে। এ সময় বৃদ্ধার ঘুম ভেঙে যাওয়ায় তাঁকে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে হত্যাকাণ্ডের কারণ ও মালামাল খোয়া যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের খাটের ওপর থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত