কালীগঞ্জে সড়কে এসআই ও বিএনপি নেতা নিহত: সেই পিকআপ জব্দ, হেলপার গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালকের সহকারী (হেলপার) মো. রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়ি চালানোর অভিযোগ ওঠা চালক মো. মাজহারুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। গ্রেপ্তার রাজু শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা (শেখবাড়ি) এলাকার মো. লুৎফার রহমান ও সালমা বেগমের ছেলে।
২৩ অক্টোবর গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়। সর্বশেষ ২৮ অক্টোবর সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে পিকআপটি জব্দ ও এর হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জে রাত্রীকালীন ডিউটি পালন শেষে সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় ফিরছিলেন পুলিশের সদস্যরা। রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে তাঁদের গাড়িটি তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) গাড়িটির পাশে থামেন এবং ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে শুরু করেন।
এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি ও রফিকুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পিকআপটি আটকানোর চেষ্টা করলে অন্য পুলিশ সদস্যরাও আহত হন। পরে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে কালীগঞ্জ থানা-পুলিশ। এর ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবর সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ এবং এর হেলপার রাজু শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রাজু শেখ দুর্ঘটনার সময় পিকআপটি মো. মাজহারুল ইসলাম নামে এক চালক চালাচ্ছিলেন বলে জানিয়েছেন। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










