
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর রহমান উপজেলার ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের একটি ফাঁকা জায়গা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজন মাসুদ রানা বলেন, আতাউর রহমান অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষ ছিলেন। তাঁর ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়ার কথা বলে আতাউরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাসুদ রানা আরও বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন মারা গেছেন। বাড়িতে পরিবারের দুই সদস্যের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তাঁদের জন্য দুটি কবরও খনন করা হয়েছে। এ ঘটনায় রাসেলসহ চারজনকে পুলিশ আটক করেছে বলেও দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চারজনকে আটকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি পরে জানানো হবে। ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১৬ মিনিট আগে
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএনওর ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে ইউএনও কিংবা উপজেলা...
৪০ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ সাত বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে