Ajker Patrika

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১: ১১
সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার হাসিবুল হাসান খান ওরফে শান্ত। ছবি: এসআরবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় মো. হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

আজ বুধবার রাতে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার হাসিবুল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের মো. আবুল কাশেম খানের ছেলে।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের আগে বিয়ে হয়েছিল। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে বিচ্ছেদের পরও হাসিবুল তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। গত ১৫ জুন ওই নারীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।

এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে ব্যাটালিয়নের গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর হাসিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত