ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি অভিযান শুরু করেছে রংপুর থেকে আসা ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
নিয়নের স্বজনেরা জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন তিনি। গতকাল বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান নিয়ন। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে ফিরলেও নিয়ন নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিয়নকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়।









