
ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের কছিমউদ্দিন বেপারীর ডাঙ্গী গ্রামে প্রায় ২০ বছর আগে নির্মিত কাঁচা সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার দুপুরে সড়কের সামনে আয়োজিত এই মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে গত ২০ বছর সড়কটি উন্নয়নবঞ্চিত রয়েছে। এ অবস্থায় বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্যের কাছে দ্রুত সড়কটি মেরামত ও পাকাকরণের দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, সড়কটি দিয়ে কছিমউদ্দিনের ডাঙ্গীর পাশাপাশি মিনাজউদ্দিন মোল্যার ডাঙ্গী, আনছার মাতুব্বরের ডাঙ্গী, মগরম মাতুব্বরের ডাঙ্গী, নিমাই শেখের পাড়া, দেলোনমল্লিকের ডাঙ্গী ও বাজু মোল্যার ডাঙ্গীসহ প্রায় ১০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এই সড়ক ব্যবহার করে চরমাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীও যাতায়াত করে।
স্থানীয়দের ভাষ্য, সড়কটির বেহাল অবস্থার কারণে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। ফলে কখনও ভ্যানে ঠেলে, কখনও কাঠের তৈরি চৌকি কাঁধে ঝুলিয়ে এক থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে মূল সড়কে উঠতে হয়। মাঠ থেকে ফসল ঘরে তুলতেও দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় ভ্যান উল্টে দুর্ঘটনাও ঘটছে।
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ে বলে জানান এলাকাবাসী। এ সময় সড়কটি পানিতে তলিয়ে যায়, আর সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, মমিনখার হাট-গোয়ালন্দ আঞ্চলিক সড়কের এটি একটি সংযোগ সড়ক। ইয়াছিন ব্রিজ থেকে দেলোন মল্লিকের ডাঙ্গী জামে মসজিদ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। সড়কটির শুরুতে প্রায় ২০০ মিটার অংশে স্থানীয় এক সৌদিপ্রবাসী ব্যক্তিগত উদ্যোগে ইট বিছিয়েছিলেন। বৃষ্টিতে সেই অংশও ভেঙে পড়েছে। বাকি কাঁচা সড়কের অধিকাংশ অংশে দুই পাশ ভেঙে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা জলিল শেখ বলেন, “রাস্তাডার এমন অবস্থা হইছে যে কওয়ার মতো জায়গ্যাই নাই। এই জায়গাডা যে এম্বায় নইলো, কেউ দেখলো না। কেউ কয় না যে রাস্তাডা সাইরা দেই। এহন এই রাস্তাডা জানি পাকা হইয়্যা যায়, সেইজন্য এমপির কাছে আবেদন জানাই।”
স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “সরকার আসে, সরকার যায়---কিন্তু আমাদের রাস্তার কোনো উন্নয়ন নেই। অনেকবার কাজও এসেছে কিন্তু তারপর আবার অন্য জায়গায় নিয়ে গেছে।''
স্থানীয় সৌদিপ্রবাসী ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শেখ জানান, দীর্ঘদিন ধরে তিনি নিজ অর্থায়নে সড়কটি চলাচলের উপযোগী রাখতে মেরামতের ব্যবস্থা করে আসছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সেখানে একটি কালভার্ট ও একটি নান্দনিক মসজিদও নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “গত ১৭ বছর হয়েছে- এই এলাকার মানুষ আওয়ামালীগকে ভোট দেয় না, তাই এখানে কিছুই করা যাবে না। সে কারণে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা মনে হয় এটিই।”
মানববন্ধনে আব্দুর রাজ্জাক শেখসহ এলাকাবাসী ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে সড়কটি অতিদ্রুত মেরামত ও পাকাকরণের দাবি জানান। এ সময় ভোগান্তির চিত্র তুলে ধরে বক্তব্য দেন মোতালেব শেখ, মো. বাদশা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১৬ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে