
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে একটি ভুয়া এনজিও। গতকাল রোববার ঋণ নিতে গিয়ে এনজিও অফিসে তালা ঝোলানো দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। ভুক্তভোগী গ্রাহকেরা জানান, বিনা সুদে ঋণ পাওয়ার আশ্বাসে আইডিএফএন সংস্থা নামে একটি এনজিওকে টাকা দিয়েছিলেন তাঁরা।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর লোকজন সুদবিহীন ঋণ ও ৪০ প্রকারের কাজ দেওয়ার কথা বলে সদস্য সংগ্রহ করেন। এরপর সদস্য ভর্তি ফি বাবদ ২৫০ এবং সঞ্চয় বাবদ প্রতিজনের কাছ থেকে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন তাঁরা। গতকাল ঋণ দেওয়ার কথা ছিল। এদিন বেলা ৩টায় উপজেলার সাতকুড়ি এলাকায় এনজিও অফিসটিতে ঋণ নিতে এসে তালা ঝোলানো দেখেন তাঁরা। পরে কর্মকর্তাদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর বন্ধ পান। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে প্রায় ৮৯ জন গ্রাহক থানায় অভিযোগ করেছেন।
হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের সাদুরিয়া গ্রামের ভুক্তভোগী মালেকা বিবি (৪৭) নামের একজন বলেন, ‘আমাদের এলাকায় গিয়ে এনজিওর কর্মকর্তারা বলেন, সুদবিহীন ঋণ দেবেন এবং ৪০ ধরনের কাজ শেখাবেন। সেজন্য সদস্য দরকার। পরে আমি নিজেই সদস্য হই এবং ধারদেনা করে ১৫ হাজার টাকা নিয়ে এসে তাঁদেরকে দেই। তাঁরা আজকে (রোববার) ঋণ দেবেন বলে অফিসে আসতে বলেছিলেন। দুপুরে এসে দেখি অফিসে তালা ঝোলানো। ফোন দিলে নম্বর বন্ধ দেখায়। আমরা তো গরিব মানুষ, কী হবে এখন।’
ভুক্তভোগী আরও কয়েকজন বলেন, ‘আমাদেরকে ঋণের প্রলোভন দেখিয়ে এনজিও টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। আমরা এখন অসহায়। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের টাকা যেন উদ্ধার করা হয়।’
বাড়িভাড়া নিয়েও প্রতারণা
বাড়ির মালিক রিয়াজুল বলেন, ‘৪ সেপ্টেম্বর আমার কাছে দুজন এসে অফিস ভাড়া চান। আমি তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই করতে চাইলে তাঁরা বলেন, তাঁদের এরিয়া ম্যানেজার স্যার এসে চুক্তিনামা করবেন—এ কথা বলে তাঁরা রুমে ওঠেন। আজ আমার সঙ্গে তাঁদের ভাড়ার চুক্তিনামা হওয়ার কথা; কিন্তু সকাল থেকে ফোন দিচ্ছি, তা বন্ধ দেখাচ্ছে। পরে এসে দেখি রুমে তালা লাগানো।’
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গতকাল বিকেলে প্রতারিত হওয়া কিছু মানুষ থানায় এসে একটি এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় যেসব এনজিও আছে, তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে এবং নিয়মিত অভিযানের মাধ্যমে কোথাও যদি ভুয়া এনজিও থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
১ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
১ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে