সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
সন্ধ্যার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। ধানমন্ডি থানায় করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
আজ সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর (এসআরবি) একটি দল। ওই বাসা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে ডিবির হেফাজতে হস্তান্তর করা হয়। এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এ দিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় মোতালিব। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন।
আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন।
এই অবস্থায় পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান শনাক্ত, তাঁরা কোথায় কী আলোচনা করছেন, সেগুলো জানা এবং মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।









