Ajker Patrika

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৫০ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও এমডি অভিউর রহমান খানকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

অর্থ পাচারের দায়ে দুইজনকে ১২ বছর করে ও অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাৎ এর দায় প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে কারাদণ্ডের পাশাপাশি ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমান করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

অন্যদিকে অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থআত্মসাৎ করার অভিযোগে প্রত্যেককে ১০ বছর সাজার পাশাপাশি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা পরিশোধে ব্যর্থ হলে আরো এক বছর কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পিপি মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি ধারার সাজা একত্রে চলবে বিধায় দণ্ডিতদের ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন জালাল উদ্দিন আহাম্মদ। গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত