
বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক গন্তব্যের পাশাপাশি হংকং, কুনমিং ও ফুকেটে ফ্লাইট শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।
এয়ার এ্যাস্ট্রা সূত্রে জানা গেছে, বহরে ৩ থেকে ৪টি এয়ারবাস এ৩২০ অথবা এ৩২১ মডেলের উড়োজাহাজ যুক্ত করতে চায় এয়ারলাইনসটি। বিশ্বজুড়ে জনপ্রিয় এয়ারবাস এ৩২০ অথবা এ৩২১ মডেল দুটি মিড-রেঞ্জ ফ্লাইটের জন্য নির্ভরযোগ্য এবং জ্বালানি দক্ষ উড়োজাহাজ হিসেবে পরিচিত। ড্রাই লিজ, অপারেটিং লিজ কিংবা সরাসরি ক্রয়; যে পন্থায় দ্রুত উড়োজাহাজ পাওয়া যাবে, সে পথে হাঁটবে তারা। এ লক্ষ্যে এরই মধ্যে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ার এ্যাস্ট্রা।
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ আজকের পত্রিকাকে বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনেক আগেই আন্তর্জাতিক বেশ কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার এ্যাস্ট্রা। তবে আন্তর্জাতিক বাজারে উড়োজাহাজের ঘাটতি থাকায় রুটগুলো চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি এয়ারবাসের তৈরি ৩ থেকে ৪টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে প্রচলিত আঞ্চলিক গন্তব্যের পাশাপাশি সম্পূর্ণ নতুন কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছি।
উড়োজাহাজ সংগ্রহে এয়ার এ্যাস্ট্রার দরপত্রে জানানো হয়েছে, শুধু নিজস্ব উড়োজাহাজ মালিকানাসম্পন্ন লিজিং কোম্পানি কিংবা এয়ারলাইনসের কাছ থেকেই প্রস্তাব গ্রহণ করা হবে। কোনো প্রকার ব্রোকার বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এমনকি তাদের কাছে ম্যান্ডেট থাকলেও তা বিবেচনা করা হবে না। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত লিংক থেকে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) ডকুমেন্ট ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা দিতে অনুরোধ করা হয়েছে।
এয়ার এ্যাস্ট্রা সূত্র বলছে, তারা মূলত ইকোনমি কেবিনে সাজানো উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করছে। তবে দুই শ্রেণি (বিজনেস ও ইকোনমি) বিশিষ্ট উড়োজাহাজ হলেও সেটি তারা বহরে যুক্ত করতে আগ্রহী। আর আন্তর্জাতিক রুট হিসেবে হংকং, চীনের কুনমিং, থাইল্যান্ডের ফুকেট, মালয়েশিয়ার জহুর বাহরু, নেপালের কাঠমান্ডু ও পোখারায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ার এ্যাস্ট্রা।
২০২৪ সালের শুরুতে এয়ার এ্যাস্ট্রা নেপালের কাঠমান্ডু ও পোখারাতে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছিল। তবে বিভিন্ন পর্যালোচনা ও বাস্তবতা বিবেচনায় সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। ফলে এখন পর্যন্ত তাদের ফ্লাইট কার্যক্রম শুধু দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ নভেম্বর অভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে তাদের বহরে রয়েছে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ, যেগুলো দিয়ে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে