ঈদের বাজার

কম্বোগুলোতে বাবার সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি, মেয়ের সঙ্গে মায়ের কুর্তি কিংবা পরিবারের সবার একই রকম পোশাক নেওয়ার প্রবণতা বাড়ছে। ফ্যাশন হাউসগুলো এমন তথ্যই জানাচ্ছে। ঈদ উপলক্ষে অন্যান্য পোশাকের পাশাপাশি ‘মেলানো পোশাক’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। যদিও এবারের ঈদের বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় অনেক ফ্যাশন হাউস। তারা বলছে, ঈদের শেষ সপ্তাহে সাধারণত ক্রেতার যেমন চাপ থাকে, এবার তা নেই।
সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের বেশ কিছু দোকানে দেখা গেল এমন মেলানো পোশাকের সমাহার। এ বিপণিবিতানের ইয়েলো কিডসের কর্মী শিউলী মান্দা বলেন, ‘ফ্যামিলি কম্বোগুলো থাকেই না। আসার সঙ্গে সঙ্গে সেল হয়ে যায়। অনেকের সাইজ মেলে না, তবু নিয়ে যায়। পরে আমাদের অন্য আউটলেট দিয়ে সাইজ মিলিয়ে নেয়।’
একই রকম কথা জানান ক্লাবহাউসের ফ্লোর ইনচার্জ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বাবা-ছেলে বা মা-মেয়ে রং মিলিয়ে কিংবা একই ধরনের পোশাক খুঁজছেন আজকাল। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আমরাও সেভাবে পোশাক আনছি।’
ফ্যাশন হাউস, মান ও ধরনভেদে কম্বোর দামে ভিন্নতা রয়েছে। চার থেকে দশ-বারো হাজারে মিলছে এমন কম্বো পোশাক। ক্লাস ফাইভে পড়ুয়া ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা এনজিও কর্মী তাসফিয়া ইসলাম বলেন, ‘ছেলের সঙ্গে মিলিয়ে আমার আর হাজব্যান্ডের একই রকম ড্রেস খুঁজছিলাম। কিন্তু বাবা-ছেলের পাঞ্জাবি পেলেও আমার ড্রেস মেলাতে পারছি না।’
যমুনা ফিউচার পার্কের পোশাকের শোরুমের একাধিক বিক্রেতা জানান, সাধারণত সামর্থ্যবান ক্রেতারা ফ্যামিলি কম্বো নিয়ে থাকেন। বাজেট কম যাঁদের, তাঁরাও এ কম্বোগুলোর প্রতি আগ্রহ দেখান। তবে বাজেটে না মেলায় বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা কিনতে পারেন না।
বিক্রেতারা জানান, প্রতিবারের মতো এ বছরও মেয়েদের থ্রি-পিস আর গাউন এবং ছেলেদের পাঞ্জাবির চাহিদা বেশি। ভাইব্র্যান্টের ম্যানেজার আশিকুল ইসলাম বলেন, ‘এবারও ছেলেদের পাঞ্জাবি চলছে বেশি। আঠারো শ থেকে পঁচিশ শ টাকার পাঞ্জাবি এনেছি আমরা। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে সামার স্যান্ডেল এবং হাফ লোফারগুলো ভালো বিক্রি হচ্ছে। হাফ লোফার আঠাশ শ থেকে তেত্রিশ শ আর ব্যাক বেল্ট স্যান্ডেল আঠারো শ থেকে পঁচিশ শ টাকায় পাওয়া যাচ্ছে।’
শেষ সপ্তাহেও ঈদের চাপ নেই
যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকানের ব্যবস্থাপক ও কর্মীরা জানান, এবার ঈদের বাজারে অন্যবারের তুলনায় ক্রেতার চাপ কম। রমজানের শেষ সপ্তাহেও মিলছে না আশানুরূপ ক্রেতা। রেমন্ডের ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘এবার ঈদের সেল খুবই বাজে। অন্যান্য মাসের চেয়ে এবার রমজান মাসে আমাদের বিক্রি খারাপ।’
ক্রেতাসংকটের কথা জানান জ্যোতির শোরুম ব্যবস্থাপক ইফতেখারুল রহমানও। তিনি বলেন, ‘একদমই মানুষ নাই। আমরা সাধারণত ইন্ডিয়ার কালেকশনগুলো এনে থাকি। এবার সেটা সম্ভব হয়নি। তা ছাড়া এবার এমনিতেও কাস্টমার পাচ্ছি না।’
রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের সামর্থ্যবান ক্রেতাশ্রেণির একটা বড় অংশ বিদেশে চলে গেছে অথবা আত্মগোপনে আছে বলে বিক্রেতাদের ধারণা। ক্রেতাদের এই অংশটা নিজেদের জন্য কেনাকাটার পাশাপাশি আত্মীয়-পরিজনদের জন্য পোশাক কিনত। এবার সেই ক্রেতারা বাজারে অনুপস্থিত বলে মনে করছেন বিক্রেতারা। তাই কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৩ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৩ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৩ ঘণ্টা আগে