
রাজধানীর গুলশানে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় মামলা হলেও যে কিশোর ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল এবং আটক হয়েছিল তাকে আসামি করা হয়নি। তার পরিবর্তে আসামি করা হয়েছে গাড়িটির মূল চালককে।
পুলিশ জানিয়েছে, এতে তাদের কোনো দায় নেই। নিহতের ভাই যাকে আসামি করেছেন, তারই নাম এজাহারে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার ফুটপাতে বসে থাকা এক শ্রমিককে চাপা দেয়। ওই শ্রমিককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।
ঘটনার সময়ের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দ্রুতগতির প্রোটন ব্র্যান্ডের সেডান গাড়িটি ফুটপাতে বসে থাকা শ্রমিককে চাপা দিয়ে দুটি ল্যাম্প পোস্টকে ধাক্কা দিয়ে থেমে যায়। এরপর গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট ও সাদা পায়জামা (ট্রাউজার) পরা এক কিশোর বের হয়। চালকের পাশের আসন থেকে আরেক ব্যক্তি বের হন। দ্রুত পথচারী ও নির্মাণ শ্রমিকেরা গাড়িটিকে তুলে চাপাপড়া শ্রমিককে উদ্ধার করে। ঘটনার পর ওই কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা আটক করে পুলিশে দেয়।
ঘটনাস্থল থেকে ওই কিশোর ও গাড়িটিকে থানায় নেওয়া হয়। গাড়ির কাগজপত্রে দেখা গেছে, গাড়িটি সিগমা আব্বাস নামে একজনের নামে নিবন্ধন। তাঁর স্বামী আব্বাস আলী শরীফ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন ক্যাপ্টেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই কিশোরকে থানায় নেওয়ার পর গত মঙ্গলবার রাতেই তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়। তাকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ। উল্টো নিহতের বড় ভাই মোক্তাদীর ইসলাম যে মামলা করেছেন, সেই মামলার এজাহারে ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, গাড়িটির চালক আকাশ মারক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তাঁর মাথা, বুক ও পিঠে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মামলার বিষয়ে জানতে নিহত শ্রমিকের ভাই মোক্তাদীর ইসলামকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে লাশ নিহতের গ্রামের বাড়ি ডোমারের সোনারায় পৌঁছায়। সেখানে পারিবারিক কবরস্থানে বিকেল ৫টার পর দাফন করা হয়।
কিশোরকে ছেড়ে দেওয়ার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর আজকের পত্রিকাকে বলেন, ‘তার (কিশোরের) বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিশু আইনে তার বিষয়টি দেখা হচ্ছে।’

দেশের সাইবার নিরাপত্তা দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক অনলাইন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
আজ দুপুরে নিজ ঘর থেকে রুমানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন রুমানার স্বামী ভ্যানচালক রহমান খানসহ আরও দুইজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে মাদক বিক্রির প্রতিবাদে ফেসবুকে ভিডিও পোস্ট করার জেরে এক তরুণকে মারধর, মুঠোফোন ছিনিয়ে নিয়ে ভিডিও মুছে ফেলা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
১৫ মিনিট আগে
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২২ মিনিট আগে