৩ ক্রুজ ভেসেল পরিচালনায় বেসরকারি কোম্পানি নিয়োগের প্রস্তাব

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক জলযানের মধ্যে তিনটি ক্রুজ ভেসেল পরিচালনায় অভিজ্ঞ জনবল নেই সংস্থাটির। এ কারণে বেসরকারি কোম্পানির মাধ্যমে ক্রুজ তিনটি পরিচালনার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজের কাঠামো পরিবর্তন করে সারা বছর সমুদ্রে চলাচল উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ রোববার বিআইডব্লিউটিসির সম্মেলনকক্ষে সংস্থাটির নির্মাণাধীন জলযানগুলো পরিচালনা ও বহরে যুক্ত করার প্রস্তুতি নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এসব প্রস্তাব উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।
সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন রয়েছে চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, তিনটি ক্রুজ ভেসেল এবং আটটি সি-ট্রাক। এ ছাড়া প্রকল্পের আওতায় নির্মিত আটটি সি-ট্রাকের মধ্যে একটি ‘নিঝুম দ্বীপ’ ইতিমধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়ে যাত্রী পরিবহন করছে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্রুজ ভেসেল পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল বিআইডব্লিউটিসিতে নেই। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো পরিচালনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্যদিকে চারটি উপকূলীয় জাহাজের কাঠামো পরিবর্তন করে রোপ্যাক্স ফেরিতে রূপান্তর করা গেলে সেগুলো সারা বছর সমুদ্রে চলাচলের উপযোগী হবে বলে প্রস্তাব করা হয়।
সভায় নির্মাণাধীন জলযানগুলো যথাসময়ে সংস্থার বহরে যুক্ত করা এবং সেগুলো বাণিজ্যিকভাবে পরিচালনার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এ জন্য তদারকি বাড়ানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
সভায় বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আজমল হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হক, মহাব্যবস্থাপক (মেরিন) বাপ্পী কুমার অধিকারী, মহাব্যবস্থাপক (বাণিজ্য, চলতি দায়িত্ব) মো. সফিকুল ইসলাম, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. রাশিদুর রহমান ও প্রধান ক্রয় ব্যবস্থাপক মানসুরা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









