Ajker Patrika

নির্বাহী আদেশে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি, দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাহী আদেশে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি, দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান
রোববার এক সংবাদ সম্মেলনে ১-১২তম এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি। ছবি: আজকের পত্রিকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে ১-১২তম এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি।

এ জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় প্রতিটি বিভাগে সমাবেশ এমনকি পরবর্তীতে ঢাকায় মহা সমাবেশের ডাক।দেওয়া হবে বলেও ঘোষণা দেন শিক্ষক নেতারা। আজ রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মোমিন পলাশ এসব জানান।

লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকারের আমল থেকে ১-১২তম নিবন্ধনধারীরা নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। শাহবাগে টানা ২০০ দিনসহ বিভিন্ন সময়ে আন্দোলন করেও তাঁরা নিয়োগ পাননি। বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

সংগঠনটির দাবি, ২০২১ সালের ৩০ মার্চ প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ২০১৮ সালের ১২ জুনের আগে নিবন্ধন সনদ অর্জনকারীদের বয়স শিথিল করে নিয়োগের সুযোগ দেওয়া হলেও তাঁদের অনেকে নিয়োগ পাননি। ওই বিজ্ঞপ্তিতে ৫৪ হাজার ৩০৪টি পদের বিপরীতে মাত্র ১৪ হাজার নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ৪০ হাজারের বেশি পদ শূন্য থেকে যায় বলে দাবি তাদের।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২৫ সালের ১১ নভেম্বর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে নিবন্ধন সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় ৩৫ বছর নির্ধারণ করে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিয়োগের আশ্বাস পেয়েছিলেন বলে দাবি করেন তাঁরা। একই বছরের ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সংক্ষিপ্ত সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংগঠনটি জানায়, গত ৮ নভেম্বর শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছে। এ সুপারিশের ভিত্তিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে তারা।

নিয়োগের জন্য চারটি পদ্ধতির প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে নিবন্ধন সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় ৩৫ বছর নির্ধারণ করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ, ২০১৮ সালের ১২ জুনের আগে সনদ অর্জনকারীদের বয়স শিথিল করে নিয়োগ এবং পৃথক ডেটাবেজ তৈরি করে নির্বাহী আদেশ বা প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ।

এদিকে দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান ১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে তাঁর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত