
গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া। টাকা না দিলে কৃষকদের কাছ থেকে তিনি ধান গ্রহণ করেন না বলে অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় কমেছে কৃষকদের থেকে সরকারিভাবে ধান সংগ্রহ। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন উপজেলার কৃষকেরা।
অভিযোগ উঠেছে, এসব অপকর্ম ঢাকতে প্রবীর একটি জাতীয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানকে গুদাম থেকে তিন টন চাল দিয়েছেন।
সদর উপজেলা খাদ্যগুদাম অফিস সূত্রে জানা যায়, গত বোরো মৌসুমে প্রতি কেজি ৩২ টাকা দরে ২ হাজার ২৫৬ টন ধান সংগ্রহের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। চলতি বছরের ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ধান সংগ্রহের মেয়াদ নির্ধারণ করা হয়। কিন্তু ওই সময়ের মধ্যে ২৪৯ জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র ৭৪৮ টন ধান।
কৃষক বাবুল শিকদার বলেন, ‘আমাদের ধান দিতে গেলে সমস্যা। টাকা না দিলে ধান নেয় না। অফিসের কর্মকর্তার কাছে ৫ হাজার টাকা দিলে আমাদের ধান নেয়।’
কৃষক টিটু ফকির বলেন, ‘জমিতে কয়টা ধান হয়েছিল। সেই ধান নিয়ে গেছিলাম গোডাউনে। সেখানে ধান নিতে চায় নাই। ঘুষ চায়ছে ধান নেওয়ার জন্য। শেষে গোডাউনের যে স্যার, তারে ৫ হাজার টাকা দিছি।’
শের আলী সিকদার নামের আরেক কৃষক বলেন, ‘আমি একবার ধান নিয়ে গেছিলাম গোডাউনে। অফিসারগে কাছে গেছি, কয় টাকা দাও, টাকা না দিলে ধান নেব না। টাকা দেই নাই বলে ধান নেয় নাই। পরে কী করব, ধান বাড়ি নিয়ে আইসে সস্তায় বেইচে দিছি।’
নাম না প্রকাশের শর্তে খাদ্যগুদামসংশ্লিষ্ট এক ব্যবসায়ী বলেন, ‘প্রবীর কীর্তনীয়ার এমন অনিয়মের কারণেই চলতি বছরের বোরো মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলায় সংগ্রহ করা হয়নি বরাদ্দের এক-তৃতীয়াংশ ধানও। প্রত্যেক কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান কেনার কথা থাকলেও ৪ থেকে ৫ হাজার টাকা না দিলে ধান সংগ্রহ করা হয় না।’
কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন প্রবীর কুমার। তিনি বলেন, ‘গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ১৫ আগস্টের আয়োজন উপলক্ষে আমার কাছে ২০ টন চাল দাবি করেছিলেন। চাল না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্নজনের কাছে মিথ্যা অভিযোগ দেন। তাঁকে চাল দিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যারও আমাকে বলেন। পরে আমি তাঁকে আমার পকেটের টাকা দিয়ে সরকারি ডিলারদের কাছ থেকে তিন টন চাল কিনে দিয়েছি।’
এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতিকে চাল দেওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সদর উপজেলার লাক্কাতুরে চা শ্রমিকদের জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধাপে ধাপে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে। অনুষ্ঠানে তিনি ২৫০ শয্যার হাসপাতাল ও চা-বাগান এলাকায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের কথাও জানান।
১১ মিনিট আগে
মহানগরীর ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী নাদিম ও রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাদিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার......
১২ মিনিট আগে
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে জুনিয়র (১৪-১৫ বছর) ও সিনিয়র (১৬-১৮ বছর) বিভাগে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিজমাওনা ও বদনীভাঙ্গা এবং পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা এলাকার বাসিন্দারা বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। সম্প্রতি দুটি শাবকসহ বাঘসদৃশ একটি বন্য প্রাণী লোকালয়ে ঘোরাফেরা করছে। তবে বন বিভাগের দাবি, প্রাণীটি বাঘ নয়; এটি বিরল ও বিপন্ন প্রজাতির মেঘলা চিতা...
১৮ মিনিট আগে