বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন সিকদার। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা প্রতিবেদনে ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
তবে এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ফারদিনের বাবা নূর উদ্দিন।
আগামী ১৪ ফেব্রুয়ারি মামলার ধার্য তারিখ রয়েছে। ওই দিন চূড়ান্ত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করা হবে বলে ঢাকার আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
চূড়ান্ত প্রতিবেদন থেকে জানা যায়, তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন—এই মামলায় তথ্যগত ভুল রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ফারদিন আত্মহত্যা করেছেন। ফারদিনের ময়নাতদন্ত প্রতিবেদন এবং সিসিটিভি সূত্রে পাওয়া গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। এসব পর্যালোচনায় আপাতত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
গত বছর ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়। ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ওই মামলা করেন।
গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার বুশরার জামিন মঞ্জুর করেন।
ফারদিনের বাবা নূর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি নারাজি দেবেন।’ তিনি আরও বলেন, ‘ফারদিন আত্মহত্যা করতে পারেন না। এই হত্যাকাণ্ড পরিকল্পিত। ময়নাতদন্ত রিপোর্ট এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলা যায় না।’

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে