
রাজধানীর শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকেরা। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সহসভাপতি নূর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ সংগঠনগুলোর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে মামলা গ্রহণ, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের বহিষ্কার এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, ‘সাংবাদিকদের হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরে এ ধরনের হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। আমি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’
ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা ও তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। এভাবে হামলা করে সত্যের পক্ষে সাংবাদিকদের কলমকে কখনোই থামাতে পারবেন না।’
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ সদস্য হামলার শিকার হন। এই ঘটনায় তাৎক্ষণিক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায় ইবির তিন সাংবাদিক সংগঠন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৫ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে