
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা এলাকায় মহাসড়কের অর্ধেক দখল করে রাখা হয়েছে বড় বড় গাছের গুঁড়ি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অপরদিকে গাছের গুঁড়ি রাখার কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাসড়ক বর্ধিতকরণের কাজ। এ নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এর আগে গত ৩১ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কেটে রাখা গাছের চাপায় নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী চুমকি আক্তারের (১২) মৃত্যু হয়। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে।
আজ সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর ভবনের সামনে থেকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে পর্যন্ত মহাসড়কের প্রায় অর্ধেক দখল করে রাখা হয়েছে বিশাল আকৃতির গাছের গুঁড়িগুলো। প্রায় এক মাস ধরে ফেলে রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো। দেখে মনে হতে পারে কোনো স মিলে কাঠ চিরাই করার জন্য রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো।
এ ছাড়াও মাঝেমধ্যে মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলার কারণে ২০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি।
জামতলা এলাকার ইজিবাইকের চালক আরিফ দেওয়ান জানান, দিনের থেকে রাতে এই রোড দিয়ে চলাচল করা বিপজ্জনক। কারণ, রোডের ওপর যেভাবে গাছ রাখা তাতে দূর থেকে দেখে বোঝার উপায় নেই। এক সঙ্গে দুটি গাড়ি পাশাপাশি যেতে গেলে সমস্যার সৃষ্টি হয়। অথচ যে রোড আছে গাছ না থাকলে একসঙ্গে তিনটি গাড়ি গেলেও সমস্যা হবে না। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গাছগুলো অপসারণ করা উচিত বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, ‘গাছগুলো কেটে কোথায় রাখবে, ঘাড়ে করে তো আর নিতে পারে না।’
গাছ কেটে মহাসড়কে রাখার কোনো নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাছ কেটে মহাসড়কের ওপর রাখার ওপর কোনো নির্দেশনা নাই। তবে গাছ কেটে ফেলার পর তা দ্রুত অপসারণ করে মহাসড়ক পরিষ্কার করে দিতে হবে।’
প্রায় এক মাস ধরে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি রাখা কেন? এর জবাবে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে মহাসড়ক পরিষ্কার রাখতে। এরপরও যদি না করে থাকে তাহলে আবার বলা হবে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে। না করলে পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর কোনো প্রকার গাছ রাখার সুযোগ নেই। সাময়িক গাছ কাটার স্বার্থে মহাসড়কের ওপর গাছ পড়লেও তা দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। এর আগেও ঠিকাদার প্রতিষ্ঠানকে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ আবার গিয়ে দেখা হবে, যদি গাছ অপসারণ না করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন মহাসড়ক পরিষ্কার রাখতে। সেই সঙ্গে মহাসড়কে যাতে গাছের গুঁড়ি না রাখা হয় বন বিভাগকেও নির্দেশনা প্রদান করেছেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে