কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

স্কুল ছুটি থাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে কক্সবাজারের মহেশখালী বেড়াতে গিয়েছিলেন নরসিংদীর পলাশের বাসিন্দা আল আমিন। সমুদ্র দর্শন আর ছুটির আনন্দ সেখানে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সেই আনন্দকে ফ্রেমবন্দী করে রাখতে তাঁরা যখন ছবি তোলায় ব্যস্ত, ঠিক তখনই নিয়ন্ত্রণহীন এক টমটমের ধাক্কায় নিভে গেল তাঁদের জীবনের সব আলো।
এ ঘটনায় নিহত হয় আল আমিনের চার বছর বয়সী সন্তান আফরিন সুলতানা। গুরুতর আহত হয়েছে আফরিনের ছোট ভাই আইয়ান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দির জেটিঘাটের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আবদুস সুলতান জানান, পরিবারের সঙ্গে বেড়াতে এসে ছবি তোলার সময় নিয়ন্ত্রণ হারানো একটি টমটম পেছন থেকে ধাক্কা দিলে দুই শিশু আহত হয়। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।









