Ajker Patrika

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে
বিয়ের সাজে সিফাতুর নূর সিফাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুর নূর সিফাতের (২০) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী, শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় শাশুড়ি রিজিয়া বেগমকে (৬৫) কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার বিকেলে নিহতের বাবা মোহাম্মদ নূর বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সিফাতের স্বামী মোহাম্মদ তারেক (২৬) এবং দুই ননদ সুমি আক্তার (৩৮) ও রাশেদা বেগম (৪৩)। তারেক দুবাই পবাসী এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিফাতের মা তাঁর শ্বশুরবাড়িতে নাশতা নিয়ে যান। নাশতার পরিমাণ কম হয়েছে—এমন অভিযোগে সিফাতকে গালিগালাজ ও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণে সিফাত আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যু হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ জুন সিফাতুর নূরের সঙ্গে তারেকের বিয়ে হয়। বিয়ের পর তারেক দুবাই চলে যান। মৃত্যুর আগে সিফাত তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সিফাতের স্বামী তারেকের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে। তিনি দাবি করেন, তাঁদের কোনো পারিবারিক ঝামেলা ছিল না। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর রাতে তাঁর মায়ের সঙ্গে অভিমান করে সিফাত আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর আগেও সিফাত আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তাঁর দাবি।

নিহত সিফাতুর নূর সিফাত চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মোহাম্মদ নূর ও জুহিনুর আক্তারের মেয়ে। তাঁর স্বামী তারেক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরার ইলিয়াস খাঁ বাড়ির বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গৃহবধূ সিফাতুর নূরের আত্মহত্যাচেষ্টার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত