
‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।’ কথাগুলো পটিয়া থানার হেফাজতে থাকা গ্রেপ্তার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিমের (২১)। গ্রেপ্তারের পর চট্টগ্রামের পটিয়া থানা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহিম এ পোস্ট করেন। থানায় আসামির ফেসবুকে সক্রিয় থাকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
গ্রেপ্তার মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
তবে গ্রেপ্তারের পরও মহিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে। পুলিশ হেফাজতে থাকার পরও তাঁকে ওই সময় ফেসবুকে দিব্যি পোস্ট দিতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।’ পরে থানা-পুলিশের অফিসকক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এইদিন দিন নয়, দিন আরও আছে।’ এ ছাড়া ডিউটিরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেন মহিম। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঘুম ভালোবাসিরেএএএ...। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’
আরেকটি ছবিতে তাঁকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিনের সঙ্গে ভিডিওকলে যোগাযোগ করতে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে তুহিন লেখেন—‘গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন লড়াইয়ে দখলদার বাহিনীর হাতে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. শোয়াইব-উল ইসলাম মহিমের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন বলে জানান ওসি।

পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্সের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
৬ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কর্মকাণ্ড চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৬ মিনিট আগে
গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত...
১২ মিনিট আগে
মহাসড়কে চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বন্ধ থাকা জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
১৬ মিনিট আগে