শিবগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিদ্যালয়ের কর্মচারীর ৮ বছরের জেল

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামের এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি ওই বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। তবে পালিয়ে যান মাসুদ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।









