হাইমচরের চরাঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স ও স্থায়ী বাঁধের দাবি

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারিভাবে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।
আজ রোববার ইউনিয়নের মাঝেরচর এলাকার মাঝির বাজারসংলগ্ন নদীর পাড়ে মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় দুই দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। ইউনিয়নের একদল যুবক এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা জরুরি চিকিৎসাসেবা পাওয়া। নদীবেষ্টিত এ অঞ্চলে কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা দুর্ঘটনার শিকার হলে দ্রুত উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সাপে কাটা রোগী ও প্রসূতিদের জরুরি চিকিৎসার ক্ষেত্রে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারা মারাত্মক ঝুঁকি তৈরি করে।
স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিতে না পারায় এ ধরনের রোগীর অনেকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নদীভাঙন নীলকমল ইউনিয়নের মানুষের বসতভিটা, জীবিকা ও নিরাপদ ভবিষ্যতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীভাঙন থেকে জনপদ রক্ষায় টেকসই ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা ও গুরুত্বপূর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থেকেই যাবে।
মানববন্ধনের উদ্যোক্তা হিসেবে ছিলেন জে এস জিসান, শামীম সরকার, মান্নান হাওলাদার, হৃদয় পেদা ও সুজন ঢালী। তাঁরা জানান, ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জানানো হবে।









